কলকাতা : আর জি কর সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো যাচ্ছে।
বিচারপতি মান্থার বেঞ্চ জানায়, এই আদালতে মামলার অত্যাধিক চাপ রয়েছে। কিন্তু আর জি কর মামলার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে আছেন, তাই সুবিচারের স্বার্থে এমন একটি বেঞ্চের শুনানি করা উচিত যারা পর্যাপ্ত সময় দিতে পারবে। এছাড়াও বিচারপতি মান্থা বলেন, আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআই-এর আবেদনও বিশদে শুনতে হবে। তাই বিস্তারিত শুনানির ব্যবস্থা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
বেঞ্চের বিচারপতিরা জানিয়েছেন, আর জি কর মামলার দিকে গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছেন। তাই এই মামলার সঠিক বিচার হওয়া উচিত। বিস্তারিত শুনানির যাতে ব্যবস্থা হয়, তা নিশ্চিত করতেই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

