মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র বড় পদক্ষেপ, গ্রেফতার দুই তৃণমূল নেতা

মালদা : মোথাবাড়ি কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । কালিয়াচক থেকে দুই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতরা হলেন— কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সরয়ুল শেখ এবং সুজাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি ইউসুফ শেখ । শুক্রবার গভীর রাতে এই অভিযান চালানো হয়।

সূত্রের খবর, ভোট গণনার ঠিক এক দিন আগে কালিয়াচকের ৯ জন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল এনআইএ। এই তালিকায় ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুর রহমান, সরয়ুল শেখ, প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ হাজি কেতাবুদ্দিন শেখ এবং ইউসুফ শেখ।

প্রাথমিকভাবে তাঁদের রবিবার কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হলেও, গণনার ব্যস্ততার কারণে তাঁরা যেতে পারেননি। পরবর্তীতে ফের সমন পাঠানো হলে বুধবার সরয়ুল শেখ-সহ কয়েকজন নেতা হাজিরা দেন। সেই দিনই তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এনআইএ।

শুক্রবার ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের তলব করা হয়। দীর্ঘক্ষণ বয়ান রেকর্ড করার পর বয়ানে অসঙ্গতি মেলায় সরয়ুল ও ইউসুফ শেখকে গ্রেফতার করা হয়। অভিযোগ, মোথাবাড়িতে যে দিন বিচারকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছিল, সেই দিনই সুজাপুর বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও ব্যাপক বিক্ষোভ চলে।

তদন্তকারীদের অনুমান, সুজাপুর হাসপাতালের কাছে হওয়া সবথেকে বড় বিক্ষোভের নেপথ্যে এই নেতাদের ভূমিকা ছিল। উল্লেখযোগ্যভাবে, ধৃত ইউসুফ শেখের একটি নার্সিং হোম ঠিক ওই বিক্ষোভ স্থলের সামনেই অবস্থিত।

এনআইএ সূত্রে খবর, এই মামলায় কেবল তৃণমূল নয়, কংগ্রেসের কয়েকজন নেতা-কর্মীর নামও উঠে এসেছে। তদন্তের স্বার্থে খুব শীঘ্রই আরও বেশ কিছু গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 3 =