কলকাতা : নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন – তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা।
শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে
শুভেন্দুবাবুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দুবাবুকে নেতা নির্বাচিত করা হয়।
এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শুভেন্দুবাবু হুঙ্কার দিয়ে বলেন, “আরজি কর থেকে সন্দেশখালি – সব ফাইল আমি খুলব। কোনও দুর্নীতির তদন্তই ধামাচাপা পড়ে থাকবে না।” তিনি ঘোষণা করেন, এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ কমিশন গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা।
শুধু নারী সুরক্ষা বা অপরাধ দমন নয়, প্রশাসনিক স্তরে হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতেও তিনি একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। শুভেন্দুবাবুর কথায়, “যাঁরা সরকারি অর্থ নয়ছয় করেছেন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। কেউ ছাড় পাবে না।”

