নয়াদিল্লি : প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় বায়ুসেনা ওড়িশার উপকূলে প্রথম স্বদেশি গ্লাইড অস্ত্র ব্যবস্থা ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ (টিএআরএ)-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ৭ মে এই অস্ত্র ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিএআরএ হল ভারতের প্রথম স্বদেশি গ্লাইড ওয়েপন সিস্টেম, যা সাধারণ ওয়ারহেডকে নির্ভুল নির্দেশিত অস্ত্রে রূপান্তর করতে সক্ষম। এটি একটি মডিউলার রেঞ্জ এক্সটেনশন কিট, যার মাধ্যমে অস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
শুক্রবার ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত এবং সংস্থার অন্যান্য পরীক্ষাগার যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছে। কম খরচের এই ব্যবস্থার মাধ্যমে স্থলভাগে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আরও নিখুঁত ও শক্তিশালী আঘাত হানা সম্ভব হবে। এছাড়াও একাধিক ভারতীয় শিল্প সংস্থার সহযোগিতায় এই কিট তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই এর উৎপাদনও শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও), ভারতীয় বায়ুসেনা (ইন্ডিয়ান এয়ার ফোর্স) এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি একে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাতও সংশ্লিষ্ট দলগুলিকে শুভেচ্ছা জানিয়েছেন।

