কলকাতা : ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে যদি না হারাতাম, তাহলে চন্দ্রনাথের হত্যা হতো না। বৃহস্পতিবার বারাসত হাসপাতাল থেকে বেরোনোর সময়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দুু অধিকারী। বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথের দেহ। শুভেন্দু সেখানে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটি নিষ্পাপ, শিক্ষিত তরুণকে খুন করা হল শুধুমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে বলে।‘ তিনি আরও বলেন, ‘চন্দ্রনাথের অপরাধের কোনও ইতিহাস নেই। ও সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই ওকে খুন করা হয়েছে।’
উল্লেখ্য, বুধবার রাতে চন্দ্রনাথ রথের ওপর প্রাণঘাতী হামলা হয়। মোটরবাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

