উধমপুর : জম্মু ও কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ২০ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামনগর মহকুমায় এই ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সকাল ১০টা নাগাদ রামনগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর পাশাপাশি ২০ জন আহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এক্স মাধ্যমে জানান, “রামনগর থেকে উধমপুর যাওয়ার পথে বাস দুর্ঘটনার খবর পেয়েছি। উধমপুরের ডিসি মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছি। অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। ব্যাপক সংখ্যায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। আমি স্থানীয় প্রশাসন এবং রাজিন্দর শর্মার নেতৃত্বে আমাদের স্থানীয় কর্মী দলের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি।”

