টিএমসি মানেই “টেরর, মার্ডার এবং ক্রাইম” : অনুরাগ সিং ঠাকুর

শিলিগুড়ি : বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, টিএমসি মানেই হলো ‘টেরর, মার্ডার এবং ক্রাইম’। তাঁর অভিযোগ, বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতি, শোষণ এবং মাফিয়াগিরি চরম সীমায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনুরাগ সিং ঠাকুর বলেন, গত ১৫ বছরে রাজ্যে দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে যুব সমাজের অবস্থাও অত্যন্ত উদ্বেগজনক।

মালদার ঘটনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এর নেপথ্যে এক বড় ষড়যন্ত্র রয়েছে। তদন্তকারী আধিকারিকদের কাজে বাধা দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। দুর্নীতির ইস্যুতে অনুরাগ ঠাকুর দাবি করেন যে, রাজ্যে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এবং মন্ত্রীদের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাজে অনবরত বাধা সৃষ্টি করছেন এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

তৃণমূলের নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সাংসদ জানতে চান, কেন ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি এবং ১৫ জন প্রার্থীর আসন কেন পরিবর্তন করা হয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপগুলিই প্রমাণ করে যে শাসক দল নির্বাচনে হার নিশ্চিত জেনে পিছু হঠছে।

অন্যদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গে তিনি অনুপ্রবেশের অভিযোগ তুলে বলেন, এর ফলে রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশি নাগরিকদের কি ভোট দেওয়ার অধিকার থাকা উচিত? পরিশেষে, তিনি রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =