তারাপীঠ : বীরভূমের তারাপীঠে ভোররাতে একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন হোটেল অতিথি। তাঁদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে একটি পুকুরের কাছে অবস্থিত ‘বিদিশিনী’ নামে ওই হোটেলের নিচতলায় আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় হোটেলের ভিতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকলের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে মৃতদের পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

