টোকিও : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মঙ্গলবার দক্ষিণ জাপানে ৭.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতা জারি করা হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুয়ামোতো প্রদেশে এদিন ৭.১ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা ও আফটারশকের আশঙ্কা।
মঙ্গলবার দুপুরে শক্তিশালী এই ভূমিকম্পের পর এক মিটার বা তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূকম্পনের পর জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা ঘোষণা করা হয়। জাপান সরকারের পক্ষ থেকে কুয়ামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকিা প্রিফেকচারে জরুরি ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকার বিভিন্ন শহরে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। কুয়ামোতো সিটির ঠিক দক্ষিণে অবস্থিত উকি সিটিতে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী এই ঝাঁকুনিতে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

