কলকাতা : সল্টলেকে সোমবার অনেক রাতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ওই তরুণী, আরেক মহিলা এবং তাঁদের দুই পুরুষ বন্ধু সল্টলেকের বি সি ব্লকের একটি অতিথিশালায় যান।
সেখানে একটি ঘর নেওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের। কিন্তু প্রয়োজনীয় নথি না থাকায় তাঁদের ঘর দেননি অতিথিশালা কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এর পরে ওই অতিথিশালার কাছে একটি আম গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে যান ওই তরুণী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তরুণীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তরুণীর পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। খুনের ঘটনা হতে পারে। প্রকৃত তদন্ত করে দেখা হোক। ওই তরুণীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

