পুরুলিয়া : বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মাছ খাওয়া হয় না। বিজেপি এলে আপনারা মাংস বা ডিম খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনও ধর্মে বিশ্বাস করে না। এই লোকজন দাঙ্গা উস্কে দেয়। দাঙ্গা উস্কে দিয়ে তারা ক্ষমতায় আসে, মানুষ মেরে তারা ক্ষমতায় আসে।
আদিবাসীদের উপর সবচেয়ে বেশি হামলা, মহিলাদের উপর হামলা বিজেপি-শাসিত রাজ্যগুলিতেই হয়। আমাদের বাংলাভাষী মানুষদের অন্য রাজ্যে আক্রমণ করা হয়। আমরা কাউকে দমন করি না।”
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “মনে রাখবেন, এ বারে মানুষকে সবচেয়ে বেশি জ্বালিয়েছে বিজেপি। নোটবন্দিতে আপনারা লাইন দিয়েছেন, সব টাকা জমা নিয়ে নিয়েছে। কালো টাকা কিন্তু ফিরে আসেনি। আপনারা লাইন দিয়েছেন আধার কার্ড করার জন্য। পকেট থেকে ১০০০ টাকা করে দিয়েছেন। চারটে করে ফটো তুলেছেন। এখন বলেছে আধার কার্ড থাকলে ভোট হবে না! তা হলে আধার কার্ড করলেন কেন! টাকা ফেরত দিন। জনগনের টাকার কি কোনও মূল্য নেই!”

