বীরভূম : বীরভূম জেলার বোলপুর মহকুমার অজয় নদীর কয়েক মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে শনিবার ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে নদীর চরের আশপাশে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত লাউদোহ গ্রামে অজয় নদীর চরে প্রায় চার মাস আগে বিশাল আকৃতির ওই বোমাটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের যাতায়াত সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এবং বহু বছর ধরে নদীর বালির নিচে চাপা পড়ে ছিল।
উদ্ধারের পর থেকেই সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ শাখার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল বলে জানিয়েছে প্রশাসন। আজ বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। প্রশাসনের তরফে স্থানীয়দের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উদ্বেগ দুই-ই দেখা দিয়েছে।

