নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যাকলারেন-মিগুয়েলদের। পেনাল্টি মিস করেন মিগুয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন এরউইন। জেসাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে হাইল্যান্ডারর্সরা।
ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই-ই। ম্যাচের ১৬ মিনিটে ডানদিক থেকে সমীর জেলকোভিচ এরউইনকে বল বাড়িয়ে দেন। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ বাগান স্ট্রাইকার। এরপর ৪১ মিনিটে বাঁদিক থেকে লিস্টন কোলাসো পাস বাড়ান, তা দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন নর্থইস্ট ইউনাইটেড ডিফেন্ডার আশির আখতার। গোললাইন সেভ বলা চলে। দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন করেন সবুজ-মেরুন কোচ প্যানাগিওটিস ডিলমপেরিস। সমীরের জায়গায় ম্যাকলারেন ও লিস্টনের জায়গায় মিগুয়েলকে মাঠে নামান। ৪৯ মিনিটে গোল করে ডেডলক ভাঙেন এরউইন। দ্রাজিচের বাঁদিক থেকে বাড়ানো লম্বা বল ম্যাকলারেন নামিয়ে দেয়। এরউইন সেই বল পেয়ে সুযোগ নষ্ট করেননি। জালে বল জড়িয়ে দেন। ৬৮ মিনিটে ম্যাচের নাটকীয় মূহুর্ত। দ্রাজিচ বল নিয়ে এগিয়ে যায় বক্সের ভিতর, নর্থইস্ট গোলকিপার দীপেশের হাতে লাগে। সেখান থেকে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি মিস করেন মিগুয়েল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দুর্বল শট নর্থইস্ট গোলকিপার দীপেশের হাতে জমা পড়ে। ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ হেলায় হারায় সবুজ-মেরুন ব্রিগেড। ৭১ মিনিটে সমতায় ফিরল নর্থইস্ট ইউনাইটেড। গোল করলেন জিসাস গঞ্জালেজ। ৭৬ মিনিটে সুহেল ভাট নামেন, কুঁচকির চোট নিয়ে ম্যাকলারেনের বেরিয়ে আসে। শেষমেশ ১-১ গোলের ব্যবধানেই শেষ হল ম্যাচ। বাগান কোচ পানোস জানিয়ে গেলেন, ম্যাকলারেনের চোট নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আগামীকাল স্ক্যান করে দেখা হবে।

