তারাতলে বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, পাকড়াও আরও ৪

কলকাতা : তারাতলায় গুদামঘরের শেড ভেঙে পড়ার ঘটনায় গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে তারাতলা এলাকারই একটি আবাসন থেকে তাঁকে পাকড়াও করা হয়। স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ শম্ভুনাথের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে।

রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ৯ জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তার পর শম্ভু-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হলেন পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গুদামে কর্মী জোগান দেওয়া (লেবার সাপ্লায়ার) মহম্মদ আতাউল এবং সুভাষ সরকার।

বৃহস্পতিবার সকালেও তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। ভিতরে এখনও বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। হাইড্রলিক ক্রেন দিয়ে গুদামের ভেঙে পড়া কাঠামোকে টেনে ধরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twelve =