নয়াদিল্লি : আচমকাই ডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই জল্পনা শুরু হয়। অনেকেই বিরাটের অ্যাকাউন্টে গিয়ে দেখেন, তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে শুক্রবার সকালে ফের চালু হলো বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
বৃহস্পতিবার রাত থেকে নেট নাগরিকরা আচমকাই আবিষ্কার করেন, ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামে প্রচুর সংখ্যক ফলোয়ার রয়েছে বিরাটের।
অ্যাকাউন্ট উধাও হয়ে যাওয়ার আগে পর্যন্ত ২৭০ মিলিয়নের বেশি ফলোয়ার ছিল বিরাটের। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ইনস্টাগ্রামে সার্চ করে দেখা যায়, ভেরিফায়েড অ্যাকাউন্ট নট ফাউন্ড। তবে বিরাট-পত্নী অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বাভাবিক ছিল।
বিরাটের ইনস্টা অ্যাকাউন্ট না পেয়ে নেটিজেনদের প্রশ্নের ঝড় আছড়ে পড়ে অনুষ্কার অ্যাকাউন্টে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মুছে গেলেও এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে সক্রিয় ছিল বিরাট কোহলির ভেরিফায়েড অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে বিরাটের তরফে মুখ খোলা হয়নি। তবে শেষমেশ শুক্রবার সকালে ফের চালু হলো বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

