পঞ্চায়েতে পাহাড়ে ত্রি-স্তরীয় নির্বাচন চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি বিনয়ের

পঞ্চায়েত নির্বাচন কথাটা প্রায় ভুলতেই বসেছিলেন পাহাড়বাসী। তবে ২০২৩-এ অর্থাৎ প্রায় দুই দশক পর পাহাড়ে ফের হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আর তা নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক শিবিরের প্রার্থীরা। এদিকে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণের নির্দেশিকা আগেই জারি করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে রাজ্য় নির্বাচন কমিশনকে জিটিএ-এর সদস্য জানান, তাঁরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন চান। আর এই মর্মে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে একটি চিঠিও দেন জিটিএ-র সদস্য বিনয় তামাং।
প্রসঙ্গত, ২০০০ সালের পর থেকে আর পঞ্চায়েত ভোট হয়নি পাহাড়ে। পরবর্তী সময়ে রাজ্যে পাহাড়ে জিটিএ বোর্ড গঠন করা হয়। তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে বার বার পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। উন্নয়নের মূল স্রোত থেকে বিভিন্নভাবে পাহাড় বঞ্চিত হয়ে থাকে বলেও অভিযোগ ওঠে বারংবার। এখানে আরও একটা কথা বলতেই হয়, ২০০০ সালে শেষবার গ্রাম সভা পর্যায়ে নির্বাচন হয়েছিল পাহাড়ে। এরপর থেকে পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা আর কার্যকর নয়। তবে জিটিএ আইনে সেই নির্বাচনের সংস্থান আছে বলে উল্লেখ করে পঞ্চায়েত নির্বাচনের দাবি জানান বিনয় তামাং। আর এখানেই বিনয় তামাংয়ের দাবি, পঞ্চায়েত নির্বাচন না হওয়ায় পুরো ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছেন দার্জিলিং ও কালিম্পং-এর মানুষ। তিনি উল্লেখ করেছেন ২০১২ সালে জিটিএ কার্যকর হয় পাহাড়ে। আর সেই জিটিএ আইনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের উল্লেখ আছে। তাই ওই দুই জেলায় যাতে নির্বাচন হয়, সেই আর্জিই এই চিঠিতে জানান জিটিএ-এর এই সদস্য।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দার্জিলিং ও কালিম্পঙে পঞ্চায়েত ভোটে অংশ নিতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন অনীত থাপা। তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ভোটে লড়তে চায়। এই বিষয়ে আগ্রহের কথা জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন অনীত থাপা। রেজিস্ট্রার্ড রাজনৈতিক দল হলেও এদের কোনও প্রতীক ছিল না। সেই কারণে প্রতীক চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে যায় অনীত থাপার দল। নির্বাচন কমিশনের থেকে জোড়া মোমবাতির প্রতীক চায় তারা। সেই আবেদন মঞ্জুরও করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *