জয় ইস্টবেঙ্গলের, মশালের আলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করল তারা।

ম্যাচের প্রথমার্ধেই মূল কাজটা সেরে ফেলে ইস্টবেঙ্গল। শুরু থেকেই কাস্টমসের রক্ষণে চাপ তৈরি করে একের পর এক আক্রমণ তুলে আনছিল লাল-হলুদ। সেই আক্রমণের সুফলও মেলে দ্রুত। প্রথমার্ধেই দু’টি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন মনোতোষ মাজি। তাঁর গোলে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস আরও বাড়ে লাল-হলুদ শিবিরে। কাস্টমস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের রক্ষণকে।  দ্বিতীয় গোলটি করে ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আকাশ হেমব্রম।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে কাস্টমস ব্যবধান কমানোর জন্য চেষ্টা চালালেও লাল-হলুদের রক্ষণভাগ সেই সুযোগ দেয়নি। অন্যদিকে, ইস্টবেঙ্গলও ব্যবধান বাড়ানোর জন্য কয়েকটি আক্রমণ তৈরি করেছিল। তবে শেষ পর্যন্ত আর কোনও গোল হয়নি।

ফলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। ড্র করলেই যেখানে সুপার সিক্স নিশ্চিত হয়ে যেত, সেখানে জয় দিয়ে পরের পর্বে জায়গা করে নিল লাল-হলুদ। মনোতোষ মাজি এবং আকাশ হেমব্রমের প্রথমার্ধের দুই গোলই শেষ পর্যন্ত বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয়ের ভিত গড়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =