জয় বিজেপি প্রার্থী হাসিরানি রথের, হলফনামা নিয়ে কংগ্রেসের মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে আইনি লড়াইয়ে বড়সড় সাফল্য পেলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় তথ্যের গরমিল রয়েছে— এই অভিযোগ তুলে কংগ্রেসের তরফে দায়ের করা মামলাটি মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ মামলাটি খারিজের নির্দেশ দেন। যদিও আদালতের নির্দেশনামার পূর্ণাঙ্গ কপি সামনে এলে আদেশের বিস্তারিত বিষয়সমূহ আরও স্পষ্টভাবে জানা যাবে।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপনির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক, প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তাঁর দাখিল করা হলফনামা বিভ্রান্তিকর দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক স্থানীয় কংগ্রেস নেতা। মামলাকারীর অভিযোগ ছিল, হলফনামায় বিজেপি প্রার্থী নিজের বয়স ৬০ বছর উল্লেখ করে জন্মের সাল লিখেছেন ১৯৬৬। অথচ শিক্ষাগত যোগ্যতার কলামে মাধ্যমিক পাশের বছর হিসেবে উল্লেখ করা হয়েছে ১৯৬৫ সাল। জন্মগ্রহণের আগের বছরে কীভাবে মাধ্যমিক পাশ সম্ভব— এই যুক্তি তুলে তথ্যটিকে পরস্পরবিরোধী ও অবাস্তব বলে দাবি করেছিলেন মামলাকারী।

আইনি লড়াই চলাকালীন আদালতে হাসিরানি রথের আইনজীবী সওয়াল করে জানান, হলফনামার এই ভুলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং একটি অনবধানবশত হওয়া করণিক ত্রুটি। পাশাপাশি তিনি যুক্তি দেন, কমিশন কর্তৃক মনোনয়নপত্র স্ক্রুটিনি বা পরীক্ষার নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়ে কোনো লিখিত আপত্তি জানানো হয়নি, ফলে পরবর্তীতে এই নিয়ে আইনি প্রশ্ন তোলার সুযোগ নেই। নির্বাচন কমিশনের আইনজীবীও একই সুর মিলিয়ে আদালতে জানান, স্ক্রুটিনির সময়ে আপত্তি তোলা হলেই তা বৈধ হিসেবে গণ্য হতো। নির্দিষ্ট সময় পার হওয়ার পর মামলাকারীর এভাবে আপত্তি তোলার এক্তিয়ার থাকে না; একমাত্র জনস্বার্থ মামলা হলে এই প্রশ্ন বিবেচনা করা যেত।

উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি খারিজের সিদ্ধান্ত ঘোষণা করেন। আদালতের এই নির্দেশের ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের লড়াইয়ের পথ সম্পূর্ণ নিষ্কণ্টক হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =