১৩ বছরের অপেক্ষা কি এ বার শেষ হবে? এশিয়ার উঠতি ক্রিকেটারদের সেরা হওয়ার লড়াইয়ে এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারত। গতবার পাকিস্তান ও বাংলাদেশের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। সেই ব্যর্থতার জবাব দিতেই আসন্ন রাইজিং স্টার্স এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা করল বিসিসিআই। আর সেই দলে তারুণ্যের ঝড় তুলতে রয়েছেন বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক বর্মা। বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। চোট কাটিয়ে মাঠে ফিরছেন হর্ষিত রানাও।
১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে হবে এই প্রতিযোগিতা। এবার টি-টোয়েন্টির বদলে এক দিনের ফরম্যাটে হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। ভারতের ১৫ সদস্যের দলে রয়েছেন অভিষেক, বৈভব, রিঙ্কু সিং এবং প্রিন্স যাদবের মতো পরিচিত মুখ। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। সহ-অধিনায়ক করা হয়েছে আইপিএলে দু’বার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রজত পাতিদারকে।
বিশেষ নজর থাকবে বৈভব ও অভিষেকের দিকে। দু’জনেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। তাঁদের এক দিনের ক্রিকেটের উপযোগী করে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। চোটের কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকা হর্ষিত রানার প্রত্যাবর্তনও ভারতীয় শিবিরের বড় প্রাপ্তি। কোচ হিসাবে দলের সঙ্গে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ।
ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান শাহিনস, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। ২০ নভেম্বর নেপালের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ২২ নভেম্বর পাকিস্তান এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে তারা। দুই গ্রুপের প্রথম দু’টি দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর শেষ চারের লড়াই, ফাইনাল ২৯ নভেম্বর।
২০১৩ সালে শেষ বার এশিয়া সেরার মুকুট জিতেছিল ভারত। গতবার গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার এবং সেমিফাইনালে বাংলাদেশের কাছে সুপার ওভারে পরাজয় এখনও তাড়া করে বেড়াচ্ছে দলকে। এবার বৈভব-অভিষেকদের হাত ধরে সেই খরা কাটানোই লক্ষ্য।

