২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাই ‘পাখির চোখ’ অমিত শাহের, দ্বিতীয় দফার রণকৌশল সাজাতে রাতভর বৈঠক

কলকাতা : পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে শেষ কামড় দিতে কোমর বেঁধে নামছে বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধান ভোটকুশলী অমিত শাহ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাতেই ডেরা বাঁধবেন। অর্থাৎ, নির্বাচনের শেষ দফার প্রচারের শেষ দিন পর্যন্ত তিনি বাংলায় থেকেই নীল নকশা তৈরি করবেন। বুধবার রাজ্য বিজেপির এক নেতা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে সোমবার শেষ হবে প্রচারের সময়সীমা। উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল প্রথম দফার ভোট চলাকালীনও শাহ এ রাজ্যেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে নিউ টাউনস্থিত বিজেপি কার্যালয়ে দ্বিতীয় দফার ভোটের রণকৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অমিত শাহ। রাত পৌনে ১০টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত ২টো ৫ মিনিট পর্যন্ত। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বনসল এবং অমিত মালব্য। দ্বিতীয় দফায় যে এলাকাগুলোতে ভোট রয়েছে, সেখানকার ১৩টি সাংগঠনিক জেলার সভাপতি, জেলা ইনচার্জ এবং প্রবাসী জেলা ইনচার্জদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন শাহ।

দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলাদাভাবে পর্যালোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের প্রভাব, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর উদ্ভূত পরিস্থিতি এবং জয়ের সম্ভাবনা নিয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন তিনি। শাহের কাছে নিজস্ব একটি রিপোর্ট থাকলেও, তৃণমূল স্তরের নেতাদের কাছ থেকে সরাসরি ময়দানের খবর নিয়ে তিনি বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি রাজ্য সংগঠনের পাশে রয়েছে। প্রতিটি বুথ স্তরে সংগঠনের শক্তি নিশ্চিত করার পাশাপাশি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাতভর বৈঠক স্পষ্ট করে দিচ্ছে যে, দ্বিতীয় দফার ভোটকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না বিজেপি নেতৃত্ব। আগামী কয়েকদিন কলকাতার এই নিয়ন্ত্রণ কক্ষ থেকেই রাজ্যের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =