এন আর এসে নার্সের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

ওই নার্সের রহস্যমৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে বলেন, পরিজনেরা চাইছেন, ওই নার্সের ময়না তদন্ত কলকাতা মেডিক্যাল কলেজে হোক। সেই মতো ময়না তদন্ত সেখানে হবে। ময়না তদন্তের সময়ে এন আর এস হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কলকাতা মেডিক্যাল কলেজে উপস্থিত থাকবেন।

শারদ্বত মুখোপাধ্যায় এদিন বলেন, হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এও বলেন, এই ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দফতর। তার জন্য ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে বলে জানান তিনি। শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 12 =