আরামবাগে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে উল্টে ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু, আহত অন্তত ১৫

আরামবাগ : আরামবাগের আদমবাঁধ এলাকায় বর্ধমান-তারকেশ্বরগামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বর্ধমান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি আরামবাগের আদমবাঁধ এলাকায় পৌঁছলে আচমকাই সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নিয়ন্ত্রণহীন বাসটি রাস্তার ধারে থাকা নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের দাবি, মৃত দুই মহিলার বাড়ি বর্ধমান জেলায়। অন্যদিকে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। কী কারণে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =