মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর ভিডিও পোস্ট, কোচবিহারে গ্রেফতার ২ কন্টেন্ট ক্রিয়েটর

কোচবিহার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে কোচবিহারের দিনহাটা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনহাটা থানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ধৃতরা পেশায় কন্টেন্ট ক্রিয়েটর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক ভাষা প্রয়োগ করা হয়েছিল। ওই ভিডিওটি নিয়ে নির্দিষ্ট অভিযোগ জমা পড়ার পরেই তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ। এরপর দিনহাটা এলাকা থেকেই ওই দুই অভিযুক্তকে চিহ্নিত করে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা নিয়মিত সমাজমাধ্যমে সক্রিয় এবং নিজেদের অনুগামী বাড়ানোর লক্ষ্যেই এই বিতর্কিত ভিডিওটি পোস্ট করেছিল।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনও ব্যক্তির বিরুদ্ধেই কুরুচিকর বা মানহানিকর বিষয়বস্তু আপলোড বা প্রচার করা যাবে না। একইসঙ্গে ধর্মীয় বা সামাজিক ভাবাবেগে আঘাত লাগে এমন কোনও তথ্য আদান-প্রদানের বিরুদ্ধেও সতর্ক করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামী দিনেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 2 =