বারাসত থানায় হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ

বারাসত  সমাজমাধ্যমে কাকলি ঘোষ দস্তিদার ও তাঁর পরিবারের সদস্যদের সম্মানহানি এবং তাঁদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগের মামলায় বৃহস্পতিবার বারাসত থানায় হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পুলিশি নোটিশের ভিত্তিতেই তিনি থানায় হাজিরা দেন বলে জানা গিয়েছে।

সম্প্রতি নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, সমাজমাধ্যমে তাঁকে অসম্মান করা হচ্ছে। তাঁর অভিযোগের নিশানায় কুণাল ঘোষের নাম ছিল বলে জানা যায়। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়।

এর পর কাকলির পরিবারের তরফে বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়। কাকলির ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার কুণাল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বলে সূত্রের খবর। অভিযোগে কাকলি ও তাঁর পরিবারের সম্মানহানি করা হচ্ছে বলে দাবি করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কুণাল ঘোষকে হাজিরার নোটিশ দেয়। সাত দিনের মধ্যে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার বারাসত থানায় পৌঁছন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। মামলার তদন্তে পুলিশ তাঁর বক্তব্য নথিভুক্ত করতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =