মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, গোঘাটে গ্রেফতার তৃণমূল নেতা ফিরোজ আলী

আরামবাগ : মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোঘাটে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা গোঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য ফিরোজ আলী। অভিযোগের ভিত্তিতে গোঘাট থানার পুলিশ শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে। রবিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে ফিরোজ আলীর নামে করা কয়েকটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এই ঘটনায় পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পোস্টের স্ক্রিনশটও পুলিশকে দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গোঘাট থানার পুলিশ এবং শনিবার রাতে ফিরোজ আলীকে গ্রেফতার করা হয়।

ধৃত ফিরোজ আলী বর্তমানে গোঘাট-২ পঞ্চায়েত সমিতির সদস্য। রবিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ফিরোজ আলী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেন। অন্যদিকে, অভিযোগকারীদের দাবি, সামাজিক মাধ্যমে করা পোস্টের ভিত্তিতেই পুলিশের এই পদক্ষেপ।

ঘটনাকে ঘিরে গোঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। পুলিশের তদন্তে অভিযোগের প্রকৃত ঘটনা ও সামাজিক মাধ্যমে করা পোস্টগুলির সত্যতা নিয়ে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =