News Update : গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন

কলকাতা : রবিবার দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার টানটান নাটকের পর গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন। এদিন সকালে জোড়াসাঁকো এলাকায় তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই মহম্মদ জসিমুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। অভিযোগ, তদন্তকারীদের দেখেও দীর্ঘক্ষণ বাড়ির দরজা খোলেননি ওই তৃণমূল নেতা। ভেতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় তৈরি হয় জটিলতা। দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা অপেক্ষার পর ভিতরে ঢোকে পুলিশ। জসিমুদ্দিনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রবিবার সাতসকালে ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। সূত্রের খবর, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ‘পকসো’ আইনে অভিযোগ রয়েছে।

এ দিন সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বাসভবনে তল্লাশি অভিযানে নামেন জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, এক নাবালিকাকে হেনস্থার অভিযোগে ওই এলাকা থেকেই কাউন্সিলর ঘনিষ্ঠ এক জনকে শনিবার গ্রেফতার করে পুলিশ। তার পর রবিবার সকালেই কাউন্সিলরের বাড়িতে পুলিশ আসে। শেষমেশ গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =