মুর্শিদাবাদ : লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারল একটি ট্রেন। দুর্ঘটনায় চারপড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি। ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি।
গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুল পড়ুয়াকে নিয়ে একটি গাড়ি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ছুটে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলগাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। আরও তিন পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুর্শিদাবাদের দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী|
শুক্রবার মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, আজ সকালে মুর্শিদাবাদের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
যে সমস্ত তরুণ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি, বিশেষ করে তাঁদের বাবা-মায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এমন গভীর বেদনা লাঘব করার মতো কোনও শব্দ নেই| এই কঠিন সময়ে সমগ্র রাজ্য শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে।
আমি আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব রকম সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জেলা শাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে সমস্ত কাজ তদারকি করছেন।
যাঁরা চিকিৎসাধীন আছেন, যাতে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা পান, তা আমরা নিশ্চিত করছি। স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে তদারকি করছেন, যাতে মেডিকেল কলেজে আহতরা সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পান।
কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশ ইতিমধ্যেই রেলের গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করছি যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
মুর্শিদাবাদের দুর্ঘটনায় শোকপ্রকাশ পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
শুক্রবার মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
শুক্রবার অর্জুন সিং নিজের এক্স হ্যান্ডলে লেখেন, আজ সকালে মুর্শিদাবাদের গোবিন্দপুরে স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার একটি পুলকার দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত। ৩ জন পড়ুয়া মারা গেছে এবং আরও অনেকে আহত হয়েছে। আমার কাছে শোকপ্রকাশ করার মতো ভাষা নেই। যেসব পরিবার সন্তানদের হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

