সুমন মণ্ডল, ঘাটাল : বন্যার জলে তলিয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুরের বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই শিশু সন্তান বন্যার জলে ঘেরা এলাকায় খেলছিল।
সেই সময় অসাবধানতাবশত দু’জনেই জলে পড়ে যায়। দ্রুত একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় বীরসিংহে বিদ্যাসাগরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সভা থেকে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট।
পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।

