কলকাতা : ফ্লাই দুবাই কাণ্ডের এক সপ্তাহের মাথায় এবার কলকাতা বিমানবন্দরে এল হুমকি মেল!
জানা গিয়েছে, এদিন দুপুরে মেলে দাবি করা হয়েছে, বিমানবন্দরের ভিতরে বোমা মজুত করা হয়েছে। যে কোনও সময় বিস্ফোরণ ঘটবে। মেলকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় বিমানবন্দরে। চিরুণি তল্লাশি শুরু করে সিআইএসএফ। নিরাপত্তার খাতিরে সরিয়ে দেওয়া হয় যাত্রীদের।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই হুমকি মেল আসে কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, সেখানে দাবি করা হয় বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। সঙ্গে সঙ্গে যাত্রীদের সতর্ক করে যথা সম্ভব ফাঁকা করে দেওয়া হয় বিমানবন্দর।
তল্লাশি শুরু করে সিআইএসএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। স্রেফ ভয় দেখাতে এই হুমকি মেল পাঠানো হয়ে থাকতে পারে বলেও ধারণা অনেকের।
তবে কারা এর নেপথ্যে, কোথা থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখতে শুরু করেছে সাইবার বিশেষজ্ঞরা।
—————

