এ বছর কলকাতার দুর্গাপূজা কমিটিগুলির বাজেটে কাটছাঁট, স্বচ্ছতায় জোর নতুন সরকারের

কলকাতা : এ বছর কলকাতার দুর্গাপূজা কমিটিগুলির বাজেটে বড় ধরনের কাটছাঁট চোখে পড়ছে। বিশেষ করে বড় বাজেটের পূজা কমিটিগুলিকে আয়-ব্যয়ের পুরো হিসাব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পূজার নামে অতিরিক্ত খরচ এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

গত কয়েক বছরে কলকাতায় বড় বাজেটের দুর্গাপূজার সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। উত্তর থেকে দক্ষিণ কলকাতা— একাধিক পূজা কমিটির বাজেট লাখ টাকা ছাড়িয়ে কোটি টাকার অংকে গিয়ে পৌঁছেছিল। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার সেই সব বিগ বাজেটের পূজার জাঁকজমকে লাগাম পড়তে দেখা যাচ্ছে। বহু কমিটিতে যেমন রদবদল হয়েছে, তেমনই বাজেটেও করা হয়েছে বড় মাপের কাটছাঁট।

যেসব পূজা মণ্ডপে বিগত বছরগুলোতে ভিড়ের কারণে পা রাখার জায়গা থাকত না, সেখানে এ বছর অপেক্ষাকৃত সাড়ম্বরমুক্ত ও সাদামাটাভাবে পূজা আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর বা দক্ষিণ কলকাতার বিভিন্ন বিখ্যাত পূজা কমিটিগুলির সঙ্গে বিগত বছরগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী বা কাউন্সিলরদের নাম সরাসরি যুক্ত ছিল। ফলে স্পনসরশিপের পাশাপাশি আর্থিক উৎস নিয়ে আয়োজকদের খুব একটা চিন্তা করতে হতো না। নতুন পূজা কমিটিগুলির অভিযোগ, অতীতে বহু পূজা আয়োজনের সঠিক অডিট হয়নি এবং আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাবও দিতে হয়নি। যার ফলে মণ্ডপসজ্জা ও প্রচারের পেছনে বিপুল অর্থ ব্যয় করা সম্ভব হয়েছিল।

তবে এ বছর চিত্রটা একদম আলাদা। নতুন সরকার পূজা আয়োজনে স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিয়েছে। সরকারের সাফ বার্তা, দুর্গাপূজায় কোনো ধরনের রাজনীতির রঙ লাগাতে দেওয়া হবে না এবং আর্থিক অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই নির্দেশিকা মেনেই নতুন কমিটিগুলি নিজেদের প্রস্তুতি সারছে। সরকারের এই নতুন ব্যবস্থার প্রভাব মহানগরের একাধিক নামী পূজা আয়োজনের ওপর পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =