কলকাতা : “তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিন যেভাবে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার যে পরিবেশ তৈরি হয়েছে, তা গভীর উদ্বেগজনক।” সোমবার এই অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এক্সবার্তায় লিখলেন, এ যেন ‘মধ্যযুগীয় বর্বরতা’!
সুকান্তবাবু লিখেছেন, “পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে তাঁর নাবালিকা কন্যার সামনেই হাত-পা বেঁধে কার্যত বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে!
এই ঘটনাটি যদি সত্য প্রমাণিত হয়, তবে তা কেবল মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ই নয়, বরং রাজ্যে আইনের শাসনের উপরও গুরুতর প্রশ্নচিহ্ন তোলে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

