কৃষ্ণনগর : গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। তবে আন্দোলনের নামে আইনশৃঙ্খলা হাতে তুলে নেওয়া উচিত নয়। আন্দোলন এমনভাবে করা প্রয়োজন, যাতে কোনও ধরনের ক্ষয়ক্ষতি না হয়। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। শনিবার কৃষ্ণনগরে এসে এমনই মন্তব্য করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
এ দিন নতুন শম্ভুনগর এলাকায় জলঙ্গি নদীতে নদী বাঁচাও কমিটির উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে নদী সংরক্ষণ, নদীকে দখলমুক্ত রাখা এবং পরিবেশ রক্ষার বার্তা দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদীকে বাঁচানো অত্যন্ত জরুরি।
পাশাপাশি, বাংলাদেশের চিনিকলের বর্জ্য চূর্ণী নদী দিয়ে প্রবাহিত হয়ে নদীর জল দূষিত করছে বলে অভিযোগ ওঠায় এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রীর বক্তব্য, অতীতে যে ক্ষতি হয়েছে, তা হয়েছে। কিন্তু নতুন করে কোনওভাবেই নদীকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।

