নয়াদিল্লি : রাজ্যগুলিতে পুলিশের স্থায়ী ডিজি নিয়োগে দেরি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল শীর্ষ আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, অনেক রাজ্যই ‘প্রকাশ সিং’ মামলার নির্দেশিকা অমান্য করে নিয়মিত নিয়োগের বদলে ‘ভারপ্রাপ্ত’ ডিজি দিয়ে কাজ চালাচ্ছে। এর ফলে যোগ্য ও বরিষ্ঠ আইপিএস আধিকারিকরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।
তেলেঙ্গানা হাই কোর্টের একটি নির্দেশের বিরুদ্ধে ইউপিএসসি-র করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই পর্যবেক্ষণ জানিয়েছে। আদালত বলেছে, তেলঙ্গানায় ২০১৭ সাল থেকে কোনও স্থায়ী ডিজিপি নেই। ইউপিএসসি-কে ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে কোনও রাজ্য সময়মতো প্রস্তাব না পাঠালে তারা সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইতে পারে। তেলঙ্গানার ডিজিপি নিয়োগের প্রক্রিয়া আগামী চার সপ্তাহের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

