মাধ্যমিক পরীক্ষা শুরু, নকলে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ

কলকাতা : সোমবার থেকে শুরু হল এই বছরের মাধ্যমিক। পর্ষদের নিয়ম মেনে সকাল ১০টা থেকে পড়ুয়াদের প্রবেশ করানো হয় পরীক্ষাকেন্দ্রে। স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভিতরে প্রবেশের সময় পুলিশ আধিকারিকদের তরফ থেকে পড়ুয়াদের হাতে দেওয়া হয় ফুল। সে সময়ই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও পরীক্ষা করে নেওয়া হয়। সোমবার ছিল মাধ্যমিকর প্রথমভাষার পরীক্ষা। মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় নকল করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

জীবনের প্রথম বড় পরীক্ষায় পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে ছিল বন দফতর, পুলিশ ও পরিবহণ সংস্থা। আনন্দপুর থানার অধীন সাহসপুর ঘোষাল হাইস্কুলের সামনে দেখা গেল সুন্দর দৃশ্য। আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ‘পুলিশকাকুরা’ তাঁদের হাতে তুলে দিলেন ফুল ও কলম। অপরদিকে, পূর্ব ঘোষণা মতোই জেলার বাস পরিবহণ সংস্থাগুলি সম্পূর্ণ বিনামূল্যে বা বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছে। অন্যদিকে, মেদিনীপুর শহরে বিধায়ক সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান প্রমুখের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল, কলম ও জলের বোতল দেওয়া হয়।

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করেছে জলপাইগুড়ি বন বিভাগ। কলাবাড়ি, খেরকাটা ও প্রয়াগপুর—এই তিনটি গ্রামে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। কারণ, কলাবাড়ি এলাকায় গত ছয় মাসে চিতা বাঘের হামলায় দু’জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =