পাটনা: বিহার অবশেষে নতুন ‘চৌধুরী’ খুঁজে পেল। বুধবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। দীর্ঘকাল ক্ষমতার কেন্দ্রে থাকা নীতিশ কুমারের ইস্তফার পর তিনি এই সুযোগ পেলেন। সম্রাট বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী। রাজ্যে এই প্রথম বিজেপির কোনো নেতা এই পদে পৌঁছাতে পারলেন।
সম্রাটের পাশাপাশি রাজ্য পেয়েছে দুই নতুন উপ-মুখ্যমন্ত্রীও। জনতা দল ইউনাইটেড (JDU)-এর বিজয় কুমার চৌধুরী এবং বিজেন্দ্র প্রসাদ যাদব উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সম্রাট চৌধুরী নীতিশ কুমারের পা ছুঁয়ে আশীর্বাদও নেন।
রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন (অবসরপ্রাপ্ত) লোক ভবনে চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে এবং বিজয় কুমার চৌধুরী ও বিজেন্দ্র প্রসাদ যাদবকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

