ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে প্রাণশক্তি সঞ্চার করেছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। তিনি জানান, ভারত ছাড়ো-র আহ্বান স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, “ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’-এ অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের অদম্য সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো’-র সেই জোরালো আহ্বান আমাদের স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের অবিচল সংকল্পকে প্রতিফলিত করেছিল।”

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি ৯ আগস্ট। ১৯৪২ সালের ৯ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর এক ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন অগণিত মানুষ। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনের মূল মন্ত্রই ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। বম্বে থেকে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আমেদাবাদ, দিল্লি ও কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলন ব্রিটিশদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =