দক্ষিণ ২৪ পরগনা : তোলাবাজি মামলায় ৫ দিনের পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গির খানকে একটি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরানো অবস্থায় এলাকায় ঘোরাতে দেখা গেল পুলিশকে। এই ছবি ও ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার তাঁকে টি শার্ট-হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটায় পুলিশ। জাহাঙ্গিরকে কার্যত বাধ্য ছেলের মতো রাস্তায় হাঁটতে দেখা যায়।
মাঝে মাঝে মাথা নীচু করতেও দেখা যায় তাঁকে। কোনও কথা বলতে শোনা যায়নি। তদন্তের স্বার্থে বা ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃতদের অনেক সময় ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। কিন্তু ফলতার এই প্রভাবশালী নেতার ক্ষেত্রে দৃশ্যটা ছিল বেশ আলাদা। স্থানীয় সূত্রে খবর, এদিন পুলিশের গাড়ি থেকে যখন জাহাঙ্গির খানকে নামানো হয়, তখন তাঁর পরনে ছিল অতি সাধারণ একটি হাফ প্যান্ট এবং একটি স্যান্ডো গেঞ্জি।
এই অবস্থাতেই পুলিশ তাঁকে এলাকায় ঘোরায়। যাঁকে কদিন আগেও এলাকায় দামি পোশাকে এবং সমর্থকদের ভিড় নিয়ে ঘুরতে দেখা যেত, তাঁর এই ‘হাফ প্যান্ট-গেঞ্জি’ পরা অবস্থা দেখে রীতিমতো অবাক স্থানীয় বাসিন্দারা।

