‘বাংলার মানুষ ভীত, সন্ত্রস্ত’: অমিত শাহ

কলকাতা : বিজেপির নির্বাচনী ‘সঙ্কল্প পত্র’-র উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দুপুরে কলকাতায় এই সঙ্কল্প পত্রের উদ্বোধন করেন শাহ। ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র ভাষায় নিশানা করলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। সেই সঙ্গে, বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে, তারও একটি রূপরেখা সামনে রাখলেন। শুক্রবার অমিত শাহ বলেন, বাংলার মানুষ ভীত, সন্ত্রস্ত, হতাশ। তাঁরা মুক্তি চাইছেন। বিজেপি বিশ্বাসযোগ্য বিরোধী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে।

বাংলার মানুষ কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার আশায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল। কিন্তু এই ১৫ বছরে মানুষ দুর্নীতি, অনুপ্রবেশ, জবরদস্তির শাসন দেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দ্বারকা থেকে কামাখ্যা পর্যন্ত মানুষকে যা স্বপ্ন দেখানো হয়েছিল, তা বাস্তবায়িত করা হয়েছে। কিছু দিন আগে চার্জশিট পেশ করে বলা হয়েছিল, ১৫ বছর বাংলায় কী চলেছিল। ভয়ের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছিল। আর আজ ভরসার শপথের কথা লেখা রইল।

আগামী পাঁচ বছরে বিজেপি সরকার কী ভাবে বাংলার মানুষের স্বপ্ন সফল করবে, সেই কথা বলা রয়েছে। ভয়, দুর্নীতি এবং বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা করেছে তৃণমূল। উল্টো দিকে, বিজেপি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, রোজগার নিশ্চিত করা, সুরক্ষা দেওয়া, যুবকদের স্বপ্ন সত্যি করা এবং সোনার বাংলা গড়ে তোলার কাজ করবে। বিজেপি বাংলার পুনর্নির্মাণের কাজ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 9 =