কলকাতা : “বিজেপি ও কমিশন সাধারণের ভোটাধিকার কাড়ছে। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করছে।” শনিবার ধর্মতলার ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে তোপ দাগেন, “নটি-ন্যাস্টি বিজেপি পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে।”
এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। তারপরই বিজেপি ও কমিশনকে বিঁধে বলেন, “সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড যুক্ত করতে বলেছিল। কিছু করেনি।”
এরপরই বিজেপিকে তুলোধোনা করেন তিনি। অভিযোগ তোলেন নোট বন্দির পর ভোট বন্দি করছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি সংবিধান, গণতন্ত্রও বন্দি করছে বলে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। তাঁর আরও অভিযোগ, কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোটে জিততে চাইছে, কিন্তু তা সম্ভব হবে না, বাংলার মানুষ জবাব দেবে হুঙ্কার মমতার। “কেউ লড়াই না করলেও, বাংলা লড়াই করবে”। এই হুঁশিয়ারি দিয়ে পথে থাকার বার্তা দিয়ে জনতার দরবারে বিচার চান তৃণমূলনেত্রী।

