মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা বং গোজিনা— এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ফের চালু হয়েছে। হাইকোর্টের হস্তক্ষেপের পর সম্প্রতি ওই এলাকার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে জমা পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৩ থেকে ১৪ হাজার মহিলা গত কয়েক মাস ধরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এই নিয়ে গত ২০ জানুয়ারি বাকচা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সুনীতা মণ্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
মামলার শুনানির পর, গত ২৯ জানুয়ারি হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে কেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পৌঁছায়নি, তা ১৫ ফেব্রুয়ারির মধ্যে আদালতকে স্পষ্ট করতে হবে। হাইকোর্টের এই কড়া অবস্থানের পরই প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ফেব্রুয়ারি মাসের ঘোষিত ১৫০০ টাকা দুই পঞ্চায়েত এলাকার বহু মহিলার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।
তবে গত ছয় মাসের বকেয়া টাকা নিয়ে এখনও পরিস্থিতি স্পষ্ট নয়। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণে এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে মহিলারা আংশিক খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁদের দাবি, গত ৫-৬ মাসের বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত তাঁদের প্রতি অবিচার চলতেই থাকবে। এখন সকলের নজর ১৭ ফেব্রুয়ারির শুনানির দিকে।

