কলকাতা : বৃহস্পতিবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুছে দেওয়া দেওয়ালে ফের ‘বিতর্কিত’ স্লোগান নিয়ে পড়ুয়াদের একাংশে উত্তেজনা দেখা দেয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর গত শনিবার থেকে শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত ও ‘দেশবিরোধী’ স্লোগান মোছার কাজ। প্রথম দফায় দেওয়াল মোছার পর সাদা প্রলেপের উপর ফের কার্ল মার্কসের উক্তি লেখা হয়। মঙ্গলবার সেই উক্তিতেও চুনকাম পড়ে।
বৃহস্পতিবার দেখা যায় ইংরাজি হরফে ক্যাম্পাসের দেওয়ালে লেখা, ‘জো হিটলার ওয়ালি চাল চালেগা, ওহ হিটলার ওয়ালি মউত মরেগা।’ অর্থাৎ যে হিটলারের মতো চলবে তার হিটলারের মতো মৃত্যু হবে। এছাড়াও লেখা হয়েছে, ‘মুসোলিনি কো দে দি আজাদি, আরএসএস কো ভি দেঙ্গে আজাদি।’
মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছিলেন, ‘কিষেণজি জিন্দাবাদ’, ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান দেশবিরোধিতার শামিল। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এসব কাম্য নয়। তাই তা মুছে ফেলা হয়েছে। যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুছে ফেলা ওই দেওয়ালে ফের লেখা হয় স্লোগান। কার্ল মার্ক্সের উক্তির চার লাইন লিখে দিয়েছিল কেউ বা কারা। অনুমান করা হয়েছিল, সেটি বামপন্থী ছাত্রছাত্রীদের কাজ। তবে কে বা কারা ওই কাজ করেছিল, তা জানা যায়নি। পরে সেই উক্তিও মুছে দেওয়া হয়।
মুছে দেওয়া দেওয়ালগুলির উপর আবার লেখা হয়েছে ‘বিতর্কিত’ স্লোগান।

