সাময়িক স্বস্তি, আগাম জামিন পবন খেরার

নয়াদিল্লি : অবশেষে সাময়িক স্বস্তি কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তোলার পরে রিণিকির পাল্টা অভিযোগের ভিত্তিতে খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল অসম পুলিশ।

সুপ্রিম কোর্ট খেরাকে আগাম জামিন দিয়ে বলেছে, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। ডেকে পাঠালেই হাজির হতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না। তথ্যপ্রমাণ বিকৃত করা বা সাক্ষীদের প্রভাবিত করার মতো কাজও করলে চলবে না।

উল্লেখ্য, মামলার সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগ ঘিরে। তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিণিকি এবং হিমন্ত নিজেও। সেই মন্তব্যের পরই রিণিকি মানহানির মামলা করেন। দায়ের হয় এফআইআর। গত ৭ এপ্রিল পবন খেরার দিল্লির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে তখন তিনি সেখানে ছিলেন না।

তাঁকে গ্রেফতার করে অসম্মান করার কোনও দরকার নেই। আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছিলেন পবন খেরা। অন্য দিকে অসম সরকারের অভিযোগ, পবন পালিয়ে বেড়াচ্ছেন। দু’পক্ষের বক্তব্য শুনে পবনের আগাম জামিনের আর্জিতে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট।

অবশেষে শুক্রবার পবন খেরার জন্য বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট কংগ্রেসের এই নেতাকে আগাম জামিন মঞ্জুর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =