দুর্গোৎসব ও চলচ্চিত্র সংস্কৃতির মেলবন্ধনে রাজ্যের প্রায় ৪০টি পুজো কমিটিকে সম্মান জানানোর উদ্যোগ
কলকাতা : দুর্গোৎসবের শিল্পভাবনা ও চলচ্চিত্র সংস্কৃতিকে একসূত্রে বাঁধতে আয়োজিত হতে চলেছে ‘এসভিআইএফএফ শারদ সম্মান ২০২৬’। বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইয়ুথ ফাউন্ডেশন এবং স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের যৌথ উদ্যোগে, মনাফুলি গ্রুপ ও থার্ড আই ফটোগ্রাফির সহযোগিতায় রাজ্যের প্রায় ৪০টি দুর্গাপুজো কমিটিকে সম্মানিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এক সাংবাদিক সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন মনাফুলি গ্রুপের কর্ণধার অজয় চৌধুরী, থার্ড আই ফটোগ্রাফির কর্ণধার অতনু পাল এবং এসভিআইএফএফ-এর পরিচালক তথা বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পল্লব রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপিকা বসুধা বিশ্বাস, চলচ্চিত্র গবেষক প্রসেনজিৎ মজুমদার, মনীষা মণ্ডল সরকার, চলচ্চিত্র পরিচালক অমিত ঘোষ এবং মনাফুলি গ্রুপের সদস্য সুনীল মণ্ডল-সহ বিশিষ্টজনেরা।
আয়োজকদের লক্ষ্য, দুর্গাপুজোর মণ্ডপসজ্জা, শিল্পভাবনা ও সৃজনশীলতার পাশাপাশি চলচ্চিত্র সংস্কৃতির সঙ্গে মানুষের সংযোগ আরও দৃঢ় করা। তাঁদের মতে, উৎসব ও শিল্পের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি এবং বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।
‘সিনেমার ক্যানভাসে, মণ্ডপের অলংকারে, মিশে যাক বিশ্বভ্রাতৃত্ব’—এই ভাবনাকে সামনে রেখেই এগোচ্ছে ‘এসভিআইএফএফ শারদ সম্মান ২০২৬’-এর আয়োজন।

