কলকাতা : খিদিরপুর এলাকায় ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই এলাকায় ভোটের সময় ভোটদাতারাই ঢুকতে পারতেন না। সন্ত্রাসের পরিবেশ থাকত। নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।
এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। পাশাপাশি সকাল সকাল ভবানীপুরের প্রতিদ্বন্দ্বীর বুথ পরিদর্শনে বার হওয়া নিয়ে কটাক্ষ করেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ খিদিরপুর হনুমান মন্দিরেও পুজো দেন শুভেন্দু। তিনি বলেন, আমি সবাইকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সকল হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছেন।
এদিকে, সকাল সকাল চেতলায় গাড়ি নিয়ে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বুথে সারা দিন তিনি ঘুরবেন বলে জানালেন।
পাশাপাশি কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর হানা নিয়ে মুখ খোলেন তিনি। মমতার কথায়, ‘‘ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত!’’ তিনি আরও বলেন, ‘‘আজ বুথে বুথে ঘুরব।’’

