সুরেন্দ্রনাথ কলেজ-কাণ্ড, দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু

কলকাতা : দুই ব্যাগভর্তি উইয়ে খাওয়া টাকার পর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে এ বার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। কলেজের ইউনিয়ন রুম থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ইতিমধ্যেই মুচিপাড়া থানায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে খবর, কী ভাবে ওই অস্ত্র ইউনিয়ন রুমে এল, কেন আনা হয়েছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুই তৃণমূল নেতাকে এই বিষয়ে জেরা করা হবে।

পুলিশ সূত্রে খবর, কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন দেবাশিস। অভিযোগ, দেবাশিসবাবু এবং আর এক নেতা পরিতোষ ইউনিয়ন রুম-সহ কলেজের একতলার একাধিক ঘর তালাবন্ধ করে রেখেছিলেন। সেখানে কারও প্রবেশাধিকার ছিল না। দুই নেতা নিজেদের কাজে ওই ঘর ব্যবহার করতেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টেয় যখন কলেজ কর্তৃপক্ষ একতলার একটি ঘর খোলেন, তখন সেই ঘরে দু’টি স্ট্রলির ভিতরে টাকা উদ্ধার হয়। তার পর রাতে কলেজের অধ্যক্ষ এবং অন্য পড়ুয়ারা ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র দেখতে পান। তার পরই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। কলেজের অধ্যক্ষের অভিযোগ, দুই তৃণমূল নেতার কাছে একতলার ওই ঘরগুলির চাবি চাইলে তাঁরা হুমকি দিতেন।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =