নয়াদিল্লি : দেশের যে কোনও প্রান্তে বাবরের নামে মসজিদ বা ‘বাবরি মসজিদ’ নামে ধর্মীয় স্থান গড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করুক সুপ্রিম কোর্ট, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মামলা শুনতেই রাজি হয়নি। আবেদনকারীর আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন।
আবেদনকারীর তরফে আদালতে আর্জি জানানো হয়, দেশের কোথাও বাবরের নামে মসজিদ তৈরি হলে, তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হোক। একই সঙ্গে নতুন করে এই নামে মসজিদ তৈরি করা থেকে বিরত থাকার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু মামলা শুনতেই রাজি হয়নি শীর্ষ আদালত।

