লর্ডসের ধারাভাষ্য কক্ষে ‘বৈভব ঝড়’, বিস্ময় বালককে নিয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

বৈভব সূর্যবংশীর ব্যাটের জাদু যে শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, তা আরও একবার প্রমাণ হয়ে গেল লর্ডসে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির বিরতির সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন ভারতের এই তরুণ ব্যাটার। ধারাভাষ্য কক্ষে ইয়ান ওয়ার্ড, নাসের হুসেন এবং সাইমন ডুলের আলোচনায় উঠে আসে মাত্র ১৫ বছর বয়সি এই ক্রিকেটারের নাম।
আলোচনার সূত্রপাত করেন ইয়ান ওয়ার্ড। তিনি মজা করেই টেস্ট ক্রিকেটে ওপেনার হিসাবে বৈভব সূর্যবংশীকে খেলানোর প্রসঙ্গ তোলেন। সেই মন্তব্য শুনে হেসে ফেলেন নাসের হুসেন। তবে সাইমন ডুল বিষয়টিকে মোটেই হালকাভাবে নেননি। প্রাক্তন নিউজিল্যান্ড পেসারের মতে, বৈভবের জাতীয় দলে অভিষেক আর খুব বেশি দূরে নয়।
ডুল বলেন, বৈভব যা করছে তা সত্যিই অবিশ্বাস্য। আইপিএলের সাম্প্রতিক মরশুসুমে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। পুরো প্রতিযোগিতায় ৭৭৬ রান করে নজর কেড়েছেন। পাশাপাশি একাধিক পুরস্কারও জিতেছেন। মাত্র ১৫ বছর বয়সে এমন পারফরম্যান্স ক্রিকেট বিশ্বের জন্য বিস্ময়কর বলেই মন্তব্য করেন তিনি। এমনকি ডুলের মতে, ভারতীয় দলে তার জন্য কোনও না কোনও জায়গা খুঁজে বের করতেই হবে নির্বাচকদের।
শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য বিসিসিআইয়ের নির্বাচক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, সেখানেই প্রথমবারের মতো ভারতের সিনিয়র দলে ডাক পেতে পারেন বৈভব সূর্যবংশী। টি-২০ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের নামও সামনে এসেছে।
তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বোর্ড। সেই কারণেই আয়ারল্যান্ড সিরিজে কয়েকজন নতুন মুখকে পরীক্ষা করে দেখতে চাইছেন নির্বাচকরা। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী।
যদি সত্যিই জাতীয় দলে সুযোগ পান এই কিশোর ওপেনার, তাহলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লেখা হবে। কারণ সে ক্ষেত্রে সিনিয়র ভারতীয় পুরুষ দলে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শচীন তেন্ডুলকরের সবচেয়ে কম বয়সে সুযোগ পাওয়ার রেকর্ডও ভেঙে দেবেন বৈভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =