বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস, এসটিঅফ-এর অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

কলকাতা : কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিঅফ)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালান STF-এর আধিকারিকরা। সেখান থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে দুটি ৭ এমএম আগ্নেয়াস্ত্র, দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের তাজা কার্তুজ এবং ব্যবহৃত কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, অস্ত্র তৈরিতে ব্যবহৃত একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। উদ্ধার হওয়া সামগ্রী থেকে ওই বাড়িতে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

তবে এসটিঅফ-এর অভিযানের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। যদিও তার পরিচয় জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় নাদিয়াল থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি, এই বেআইনি অস্ত্র তৈরির কারবারের সঙ্গে আর কারা জড়িত এবং তৈরি হওয়া অস্ত্র কোথায় সরবরাহ করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − three =