কলকাতা : হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে আইনি জটিলতা এ বার পৌঁছোল হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের এজলাসে। বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার কয়েক ঘণ্টার মধ্যেই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।
এদিন সকালে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করার অনুমতি দেন। নির্দেশ দেওয়া হয়, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই কর্মসূচি করা যাবে এবং জমায়েত থাকতে হবে দু’হাজারের মধ্যে। পাশাপাশি, উসকানিমূলক মন্তব্য এড়াতে এবং পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়। তবে এই রায় সামনে আসার পরই তৈরি হয় বিতর্ক
যে মাঠটি কালীঘাট তৃণমূলের সভার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চায় তারা।
রাজ্যের আর্জি, বিচারপতি ভট্টাচার্যের নির্দেশের একটি অংশ পরিবর্তন করা হোক। এ দিনই মামলাটি শুনবে ডিভিশন বেঞ্চ।

