নিজস্ব প্রতিবেদন: আসন্ন মরশুমে ডুরান্ড কাপ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগে বুধবার ফোর্ট উইলিয়ামে উন্মোচন হল ডুরান্ড কাপের ট্রফি। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড: ইন্দ্রনীল খাঁ এবং আর্মির প্রতিনিধিরা। ক্রীড়ামন্ত্রীকে সম্মান জানানো হয় আর্মির তরফ থেকে। এরপরই ক্রীড়ামন্ত্রী দর্শকদের সুবিধার্থে বড় ঘোষণা করেন। ডুরান্ড কাপে এবার পেপারলেস টিকিট থাকবে বলে জানান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-এর। ডার্বিতে অনলাইন টিকিট রিডিম করার প্রয়োজন হবে, ডার্বির পরের ম্যাচ থেকে আর টিকিট রিডিম করতে হবে না। এছাড়াও ডার্বির দিন গ্যালারিতে দর্শকদের জন্য থাকছে পানীয় জলের ব্যবস্থা। সল্টলেক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকদের জন্য আরও এক বড় সুখবর। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী গ্রিন লাইন মেট্রোর শেষ সময়সীমা বাড়িয়ে রাত ১০.৩০টা করা হয়েছে৷ ব্লু লাইন মেট্রোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আগামী ২৭ জুলাই থেকে এই নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে।

